সাতক্ষীরা

বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

  ডেস্ক রিপোর্ট ৬ আগস্ট ২০২৫ , ২:২৮:০৮ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ আগস্ট) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা, চান্দুড়িয়া ও হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

তবে অভিযানের সময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিস্তারিত তথ্য অনুযায়ী—সদর উপজেলার ভোমরা বিওপি এলাকায় মেইন ফলমোড় ও বাঁসকল নামক স্থান থেকে ১ লাখ ৫৩ হাজার ২৯০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও ফাইটার মোরগ, ঘোনা বিওপি এলাকায় দাঁতভাঙ্গা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ওষুধ এবং তলুইগাছা বিওপি এলাকার চারাবড়ি থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।

এছাড়া কলারোয়া উপজেলার মাদরা বিওপি এলাকায় ভাদিয়ালী থেকে ২০ বোতল ভারতীয় মদ ও ৩৫ হাজার টাকার ওষুধ, কাকডাঙ্গা বিওপি এলাকার গেড়াখালী ও রাজ্জাকের মোড় থেকে ১ লাখ ৪৫ হাজার টাকার শাড়ি ও ওষুধ, চান্দুরিয়া বিওপির গোয়ালপাড়া থেকে ৩৫ হাজার টাকার ওষুধ এবং হিজলদী বিওপির বড়ালী থেকে ৮৭ হাজার ৫০০ টাকার ওষুধ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য ৬ লাখ ৬০ হাজার ৭৯০ টাকা। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় জব্দ করা হয়েছে।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্যগুলো সাধারণ ডায়েরি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টোরে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

আরও খবর