মোঃ হাফিজুল ইসলাম ২৪ আগস্ট ২০২৫ , ১০:৫৮:১৫ অনলাইন সংস্করণ
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইতিহাস গড়েছে। দেশব্যাপী আয়োজিত “৯ ঘণ্টায় ৯০০ স্থানে পরিচ্ছন্নতা অভিযান” কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা টিম একদিনেই ১৪টি স্থানে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে।
রোববার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে সাতক্ষীরা সদর উপজেলায় ১০টি এবং আশাশুনি উপজেলায় ৪টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।
সদর উপজেলার স্টেডিয়াম সংলগ্ন এলাকা, টাউন বাজার ব্রিজের পাশ, প্রাণশায়ের খালের ধারে, খামারবাড়ির সামনের রাস্তা, শহীদ মিনার এলাকা, পাবলিক লাইব্রেরির পিছনে, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, মহিলা কলেজ হোস্টেল ও কলেজ প্রাঙ্গণ এবং শহীদ আব্দুর রাজ্জাক পার্ক পরিচ্ছন্ন করেন স্বেচ্ছাসেবীরা।
এই অভিযানে নেতৃত্ব দেন ১০ জন টিম লিডার— অর্পন বসু, সালেহা জান্নাত, জামিলা উলফাতুন নেছা, তানভীর জামান নাফিজ, সিফাত, মৌরিনা, সাগর, ইয়াছিন, রিফাত ও ফাতিন। তাদের সঙ্গে প্রায় ১৬০ জন স্বেচ্ছাসেবী হাত মিলিয়ে সাতক্ষীরার রাস্তাঘাট, পার্ক ও জনসমাগমস্থল ঝকঝকে করে তোলেন।
বিডি ক্লিন সাতক্ষীরা জেলা সমন্বয়ক অর্পন বসু বলেন, “বিডি ক্লিন কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা শুধু আবর্জনা পরিষ্কার করি না, বরং নোংরা মানসিকতা দূর করতেও কাজ করি। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্নেই আমরা একত্রিত।”
অন্যদিকে জেলা উপ-সমন্বয়ক (আইটি এন্ড মিডিয়া) তানভীর জামান নাফিজ বলেন, “আজকের দিনটি আমাদের জন্য গর্বের। সারাদেশে প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবী একসাথে কাজ করছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার সেই পরিবর্তনের দিন আর বেশি দূরে নয়।”
এ অভিযানের মাধ্যমে শুধু আবর্জনা সরানো হয়নি, বরং সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয়রা স্বেচ্ছাসেবীদের দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং অনেকেই ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বিডি ক্লিনের এই কর্মযজ্ঞ প্রমাণ করে, সচেতন নাগরিকরাই পরিবেশ বদলাতে পারে। আর এভাবে যদি প্রত্যেকে দায়িত্ব নেন, তবে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ কেবল স্বপ্ন নয়, বাস্তবতাও হয়ে উঠবে।

















