সাতক্ষীরা

শিক্ষকরা বাসায় কোচিং করলেই গ্রেপ্তার: ডিসি মোস্তাক আহমেদ

  মোঃ হাফিজুল ইসলাম ১০ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৫১:৫৩ অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ঘোষণা দিয়েছেন কোনো শিক্ষক বাসায় বা অন্য কোথাও কোচিং করাতে ধরা পড়লে, মোবাইল কোর্টের মাধ্যমে সরাসরি গ্রেপ্তার করা হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিক্ষার মনোনয়ন করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় এ কড়া নির্দেশনা দেন তিনি। সভায় জেলার বিভিন্ন অনার্স-মাস্টার্স কলেজ ও ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
সভায় ডিসি আরও বলেন, প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীর উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে হবে। শ্রেণিকালীন সময়ে বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ রাখতে হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
তিনি অভিযোগ করেন, “কোচিং এখন একধরনের ফ্যাশনে পরিণত হয়েছে। এ প্রবণতা বন্ধ করতে হলে অভিভাবকদের মানসিকতা পরিবর্তন করে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার দিকে মনোযোগী করতে হবে।”
এ সময় জেলা প্রশাসক ধূমপান প্রতিরোধ, নকলমুক্ত পরীক্ষা এবং নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার ওপরও জোর দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

আরও খবর