ডেস্ক রিপোর্ট ৫ অক্টোবর ২০২৫ , ৩:২১:২৩ অনলাইন সংস্করণ
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। রবিবার (৫ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার মুফতি আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোঃ আমানুল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, অধ্যাপক ওবায়দুল হক, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মোঃ আব্দুর রাজ্জাক, চায়না ব্যানার্জি, ফরিদা খাতুন, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় বিষয় উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু।
বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষক সমাজ গঠনের মূল চালিকাশক্তি। শিক্ষকের সম্মান ও মর্যাদা রক্ষায় একটি “কমপ্লিট এডুকেশন পলিসি” প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা উল্লেখ করেন, শিক্ষক সেই মোমবাতি, যিনি নিজে জ্বলে অন্যকে আলো দেন। তাই শিক্ষকের মর্যাদা, প্রশিক্ষণ ও কল্যাণ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বয়ে সহযোগিতামূলক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে বৈষম্য দূর করে শিক্ষা ক্ষেত্রে সমতা ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা জাতীয়করণের দাবি তোলেন শিক্ষক নেতারা।
তারা কোচিং সেন্টার ও নোট-গাইড নির্ভরতা পরিহারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীর শতভাগ উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দেন। এছাড়া বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত চারজন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন, কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মারুফ কবির, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ হুমায়ন কবীর, কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম, শ্যামনগর উপজেলার হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান।
সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা এসময় তাদের অনুভূতি ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

















