ডেস্ক রিপোর্ট ১৩ অক্টোবর ২০২৫ , ৫:১১:২০ অনলাইন সংস্করণ
“সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় র্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ মহড়ার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দুর্যোগ মহড়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম, সুশীলন’র উপপরিচালক জি এম মনিরুজ্জামান
এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী মো. বাবলু রেজা প্রমুখ।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত মহড়ায় ভূমিকম্প, বন্যা, বজ্রপাত ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতিমূলক কার্যক্রম প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সচেতনতা, প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাসে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার বলে মত দেন অংশগ্রহণকারীরা।

















