তালা প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৪:৩৩:১৪ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালায় ক্ষুদ্র কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উপকরণ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক কৃষ্ণা রাণী মন্ডল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় ৬৯০ জন ক্ষুদ্র কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ ও সার বিতরণ করা হবে, যা রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















