ডেস্ক রিপোর্ট ১০ নভেম্বর ২০২৫ , ২:২০:৫৩ অনলাইন সংস্করণ
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলার অনার্স-মাস্টার্স পর্যায়ের ৩৫০০ শিক্ষকের দ্রুত এমপিওভুক্তির দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা সিটি কলেজের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি আমিনুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মনিরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সন্দিপ কুমার দাস এবং জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তোফায়েল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ও সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক পবিত্র কুমার মন্ডল।
মতবিনিময় সভার পূর্বে অনুষ্ঠিত হয় প্রয়াত প্রভাষক মোঃ মাসুম বিল্লাহর স্মরণসভা ও দোয়া মাহফিল। তিনি ছিলেন ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বক্তারা বলেন, মাসুম বিল্লাহ ছিলেন একজন আদর্শ, নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ শিক্ষক, যিনি শিক্ষক সমাজের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
অনুষ্ঠানে মরহুমের পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। সভার শেষে তাঁর রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

















