নিজস্ব প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ৩:২৩:০৭ অনলাইন সংস্করণ
“নামাজ যেমন ফরজ, দ্বীন কায়েম করাও তেমনি ফরজ”—উল্লেখ করে সাতক্ষীরা–২ (সদর ও দেবহাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক জেলা আমির মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে বহু সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছে, সব দলের ভোট একই বাক্সে পড়বে। তাই জনগণ কোরআনের পক্ষের সৎ, নীতিবান ও যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
২ ডিসেম্বর মঙ্গলবার সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন তিনি। আব্দুল খালেক বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে আপনাদের সেবায় সার্বক্ষণিক কাজ করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে ন্যায়, ইনসাফ ও উত্তম শাসনব্যবস্থা প্রতিষ্ঠা পাবে। ঘুষ ছাড়াই সরকারি সকল সেবা ঘরে ঘরে পৌঁছে যাবে। সেবা নিতে জনগণকে আমার কাছে যেতে হবে না; বরং আমিই আপনাদের কাছে যাবো ন্যায্য অধিকার নিয়ে।”
গণসংযোগ শেষে তিনি সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা, ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় নূরানি মাদ্রাসা ও হেফজখানার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারী আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

















