তালা

তালায় গ্রীনহাউজ প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়ন বিষয়ে সচেতনতামূলক আয়োজন

  তালা প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ১:৫৫:৩৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রীনহাউজ প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়ন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনা সভা, রচনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট ব্রিগেড কমিটির সদস্যসহ প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে এ আয়োজন করা হয়। দাতা সংস্থা Educo ও Tearfund-এর সহযোগী প্রতিষ্ঠান উইমেন জব ক্রিয়েশন সেন্টার বাস্তবায়িত স্কোপ প্রকল্পের আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Educo প্রকল্পের প্রজেক্ট অফিসার মোনালিসা বিশ্বাস, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক রেজাউল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের স্কোপ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিরাম কুমার ঘোষ।

বক্তারা গ্রীনহাউজ প্রভাবের ফলে বৈশ্বিক উষ্ণায়নের ক্রমবর্ধমান ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তন আনতে পারে।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে জ্ঞান বৃদ্ধি ও দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

আরও খবর