এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১০ জুন ২০২৬ , ৩:৫০:৪০ অনলাইন সংস্করণ
সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
বুধবার (১০ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ৯ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে হরিণটানা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। তারা সবাই শ্যামনগর উপজেলার বাসিন্দা। কোস্ট গার্ডের দাবি, তারা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাহিনীর নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে কোনো মহল বিভ্রান্তিকর তথ্য প্রচারের চেষ্টা করলেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

















