আসাদুজ্জামান ৮ এপ্রিল ২০২৫ , ২:৪৯:৫৬ অনলাইন সংস্করণ
অনলাইন পোর্টাল সমাজের আলো ডট.কম এর সম্পাদক এবং জেলা কৃষকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়ারব হোসেনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। মঙ্গলবার দুপুরে তাকে তার সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের তুজুলপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি তুজুলপুর গ্রামের মৃত ইসহাক মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, চাঁদাবাজি একাধিক মামলার আসামী ইয়ারব হোসেন গত বছরের ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর আত্মগোপনে থাকলেও সম্প্রতি তিনি বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে এখবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গোবিন্দকাটি কলারোয়া, তুজুলপুর, হাচিমপুরসহ কয়েক গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষজন তার বাড়িতে অবস্থান নেয়। এক পর্যায়ে দুপুর দুই টার দিকে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে সদর থানা পুলিশের হেফাজতে নিয়ে যান। এরপর সন্ধ্যায় তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার তার বিরুদ্ধে অন্য আর কোন মামলা আছে কিনা সেটি ক্ষতিয়ে দেখার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ইয়ারব হোসেন ৫ আগষ্ট পরবর্তী সময়ে এলাকা ছেড়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সে বাড়িতে আছে এমন খবরে এলাকার কয়েকটি গ্রামের তার দ্বারা ক্ষতিগ্রস্ত জনগণ তার বাড়ি ঘেরাও করে রাখে। একপর্যায়ে সাতক্ষীরা থেকে যৌথ বাহিনী সদস্যরা তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। তার বিরুদ্ধে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের নামে মিথ্যা স্বাক্ষী দেয়ারও অভিযোগ রয়েছে। যে মামলায় হাবিবকে ৭০ বছরের কারাদ্বন্ড দেয়া হয়।

















