কলারোয়া প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ৩:৪৫:১৪ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলার এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কলারোয়া থানাধীন গয়ড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহানুর ইসলাম (৪৮), গয়ড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. সাইফুর রহমান (৩০) এবং যশোরের শার্শা উপজেলার কায়বা গ্রামের মৃত ফজের আলীর ছেলে মো. রাজু আহম্মেদ (২৯)।
পুলিশ জানায়, কলারোয়া থানাধীন গয়ড়া গ্রামে শাহানুর ইসলামের বসতবাড়ির উঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

















