ডেস্ক রিপোর্ট ২১ আগস্ট ২০২৫ , ২:০৬:৫১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স। এতে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও সুইডেন দূতাবাস।
“জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর সহিংসতা প্রতিরোধে করণীয়” শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম এবং বুড়ীগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ নজরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে জেলা এডভোকেসি ফোরাম ও শ্যামনগর উপজেলা জেন্ডার সমতা জলবায়ু জোটের সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাবুরা ও বুড়ীগোয়ালিনী ইউনিয়নের উপকারভোগীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও সামাজিক সমস্যার চিত্র তুলে ধরেন। প্রধান অতিথি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সম্ভাব্য সমাধানের আশ্বাস প্রদান করেন।
লিডার্সের ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অপারেশন) পিন্টু কুমার দত্ত, প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা, ফিনান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার রিচার্ড হালদার অনুষ্ঠানে অংশ নেন।
প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী অনুষ্ঠানে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

















