ডেস্ক রিপোর্ট ১১ সেপ্টেম্বর ২০২৫ , ১:৩০:৫০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশ নেন।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক তুষার কান্তি বোস (পিংকাই) এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম। প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক ও সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ফ্রন্টের সদস্য সচিব প্রীতিষ রায়।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জজ কোর্টের এপিপি অ্যাড. সুনীল কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, যুব দলের যুগ্ম আহবায়ক শরিফুল আহসান টোকন, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, দেবহাটা উপজেলা ফ্রন্টের সদস্য সচিব হিরন্ময় মন্ডল, জেলা যুগ্ম আহবায়ক মিলন সরদার, কালিগঞ্জ উপজেলা আহবায়ক মিলন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অসীত কুমার সেন, শ্যামনগর উপজেলা আহবায়ক দেবব্রত ঘোষ প্রমুখ।
সম্মেলনে বিদ্যমান ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং শীঘ্রই সাতক্ষীরায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
প্রধান অতিথি ডাঃ শহিদুল আলম তার বক্তব্যে বলেন, “বিএনপি ও এর অঙ্গ সংগঠন সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের এই মাটির সন্তানদের বিদেশে যেতে বাধ্য হওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি ফ্রন্টকে কার্যকর ও গতিশীল করার আহ্বান জানান।
প্রধান বক্তা অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ কখনো হিন্দুদের কল্যাণ করেনি। শত্রু সম্পত্তি তাদের দখলেই ছিল এবং রয়েছে। তারা সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দিয়ে হিন্দু ভোটকে শুধু রিজার্ভ মনে করেছে।” তিনি আরও বলেন, “শহিদুল আলম ধর্মনিরপেক্ষ ও সবার কল্যাণে কাজ করা একজন মানুষ। তাকে নির্বাচিত করতে পারলে সনাতন ধর্মাবলম্বীদের কোনো ক্ষতি হবে না।”

















