Uncategorized

তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন

  তালা প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৩৬:৪৬ অনলাইন সংস্করণ

কপোতাক্ষ নদের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাখিমারা টিআরএম বিল কমিটির আয়োজনে আঃ সালাম গণগ্রন্থাগার হল রুমে এ সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীমন্তকাটি গ্রামের গোলদার আশরাফুল হক।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১১-১২ অর্থবছরে পাখিমারা বিলে পেরিফেরিয়াল বাঁধ নির্মাণ ও সংযোগ খাল খননের মাধ্যমে টিআরএম কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ছয় বছর বিলের ১৫৬২ একর জমিতে জোয়ার-ভাটা চালু রাখা হয়। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও ছয় বছরের মধ্যে মাত্র দুই বছরের ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। বাকি চার বছরের অর্থ বরাদ্দ না হওয়ায় প্রায় ৪৮ কোটি টাকা এখনও পাওনা রয়ে গেছে।

তিনি আরও বলেন, টিআরএম বাস্তবায়নের আগে কপোতাক্ষ অববাহিকা ভয়াবহ জলাবদ্ধতায় বিপর্যস্ত ছিল। ফসলী জমি, বসতি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও মৎস্য ঘের সবকিছুই পানিতে ডুবে থাকত। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে স্থানীয়রা টিআরএম বাস্তবায়নে সম্মত হন। এর ফলে প্রায় ১৫ লাখ মানুষ প্রত্যক্ষভাবে এবং ৪০ লাখ মানুষ পরোক্ষভাবে উপকৃত হয়েছে। নদী তার নাব্যতা ফিরে পেয়েছে, জীববৈচিত্র্য ফিরেছে, পরিবেশ হয়েছে অনুকূল। কিন্তু পাখিমারা বিল এলাকার মানুষ দীর্ঘ ছয় বছর ধরে ফসল ফলাতে পারেনি। কর্মসংস্থানের অভাবে ঋণগ্রস্ততা, ছেলে-মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া এবং অভাব-অনটনের কারণে তারা চরম দুঃখ-দুর্দশায় দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগীরা বলেন, ক্ষতিপূরণের দাবিতে এর আগে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর আবেদন জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত বকেয়া ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি নদীর নাব্যতা রক্ষায় পুনরায় বিভিন্ন এলাকায় টিআরএম কার্যক্রম চালুর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির নেতা জি এম শহিদুল্লাহ, উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোনেস, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, টিআরএম বিল কমিটির আব্দুল আলীম, রাশেদ সানা, ছফেদ আলী সরদার প্রমুখ।

আরও খবর