ডেস্ক রিপোর্ট ১১ অক্টোবর ২০২৫ , ১০:০৭:৪৪ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে গত ১০ অক্টোবর ২০২৫ খ্রিঃ রাত ১১টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা ও সদর থানার একটি যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে খানপুর হতে বাইপাসগামী খড়িবিলা মোড়ের সামনে অভিযান পরিচালনা করে।
১১ অক্টোবর জেলা পুলিশের সম্মেলনে কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
অভিযানকালে সন্দেহজনক একটি অটো থামিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ অনলাইন জুয়ায় জড়িত দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মেহেরপুর জেলার মোঃ জিনারুল ইসলাম পুত্র মোঃ মুরশিদ আলম লিপু (২৯), ও একই জেলার মাছুদুল আলম এর পুত্র মুছাঈদ আলম (৩০)।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে জুয়ায় সম্পৃক্ত করছে এবং অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম পরিচালনা করছে।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, “অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজের যুবসমাজকে এ ধরনের অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানো হচ্ছে এবং সকল অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানকালে তাদের দখল থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ আলামত জব্দ করা হয়।
এছাড়া গ্রেফতারকৃত মোঃ মুরশিদ আলম লিপু-এর বিরুদ্ধে পূর্বে ডিএমপি’র পল্টন থানায় (এফআইআর নং-৩৭/৫৭৩, তারিখ-১৪ নভেম্বর ২০২১) ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা ২৩(২)/২৪(২)/২৫(২)/৩০(২)/৩১(২)/৩৫(২) অনুযায়ী মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

















