ডেস্ক রিপোর্ট ১৮ নভেম্বর ২০২৫ , ১২:৩২:৪৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলিমকে ধানের শীষে মনোনয়নের দাবীতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মিলবজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা।
সড়ক অবরোধ ও সমাবেশে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, ইউপি সদস্য তাজমিনুর রহমান টুটুল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “১৯৮৮ সাল থেকে আব্দুল আলিম চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন লড়াইয়ে আমাদের পাশে থেকেছেন। তাই তিনি এই আসনের একমাত্র যোগ্য প্রার্থী।”
সমর্থকরা মহিলা-পুরুষ নির্বিশেষে সড়কে শুয়ে পড়ে বিক্ষোভ করেন এবং আলিম চেয়ারম্যানের মনোনয়নের দাবীতে উচ্ছ্বসিত স্লোগান দেন। তারা হুঁশিয়ারি দেন, যদি মনোনয়ন না দেওয়া হয়, আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে।

















