কালিগঞ্জ

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মুক্ত দিবস ও মুক্তিযোদ্ধা মিলনমেলা উদযাপন

  কালিগঞ্জ প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৫ , ২:২২:৪৮ অনলাইন সংস্করণ

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর–কালিগঞ্জ–দেবহাটা অঞ্চল মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুক্তিযোদ্ধা মিলনমেলা ও মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা স্মরণ, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৭১ সালের এই দিনে ক্যাপ্টেন এম. নূরুল হুদার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাজিত করে কালিগঞ্জকে শত্রুমুক্ত করেন। সেই ইতিহাসকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১১টায় কার্যক্রমের সূচনা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষের উপস্থিতিতে হয়ে ওঠে উৎসবমুখর। দুপুর ২টায় মধ্যাহ্নভোজের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর ডা. মোঃ শাহ জাহান। তিনি আবেগঘন স্মৃতিচারণে বলেন, স্বাধীনতার সময় যাদের সঙ্গে যুদ্ধ করেছেন তাদের অনেকে আহত হলেও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহণ করেননি। তারা বলতেন—দেশের জন্য লড়াই করাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি; রাষ্ট্র থেকে কিছু নিলে তারা ছোট হয়ে যেতেন। তিনি আরও বলেন, ৫৪ বছর পর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা হওয়াটা অত্যন্ত সৌভাগ্যের, হয়তো আর দেখা নাও হতে পারে। তাঁর কোনো ব্যক্তিগত দাবি নেই, শুধু চান মুক্তিযোদ্ধারা সুস্থ থাকুন, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচুন। পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে সতর্ক করে বলেন, দেশকে কখনো বিক্রি করা যাবে না; এখন থেকেই দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। তিনি উল্লেখ করেন, শারীরিকভাবে যুদ্ধ করার বয়স না থাকলেও আজও প্রতিবাদ করার শক্তি রয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যাপ্টেন এম. নূরুল হুদা (অব.), সহ অধিনায়ক ৯ নং সেক্টর ও সদস্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। তিনি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করছেন তাদের এখনো আত্মসমর্পণের সুযোগ রয়েছে। অন্যথায় তদন্তে ভুয়া প্রমাণ হলে তাদের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হবে। রাষ্ট্র কাউকে ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আলম বেগ (অব.), কমান্ডার সেক্টর স্পেশাল ফোর্স ৯ নং সেক্টর; বীর মুক্তিযোদ্ধা মেজর মোঃ আহসান উল্যাহ (অব.), কোম্পানি কমান্ডার ৯ নং সেক্টর; বীর মুক্তিযোদ্ধা কর্ণেল এম. এস. এ. কে. আজাদ; বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি, সদস্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও খুলনা বিভাগের সমন্বয়ক; বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, আহ্বায়ক সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ড। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক ও শিক্ষক শহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরো আয়োজনের আহ্বায়ক ছিলেন আলহাজ্ব শেখ আব্দুর রউফ, কমান্ডার কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

আরও খবর