নিজস্ব প্রতিনিধি : ২৫ মার্চ ২০২৫ , ২:৩০:০৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নে এখন সবুজের সমারোহ। দিগন্তজুড়ে শুধু সবুজ ধান, দখিনা বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। বৈরী আবহাওয়ায় আমন চাষ কম হওয়ায় কৃষকরা আগে থেকেই বোরো চাষে মনোযোগী ছিল। এবার বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছে তারা।
বিগত বছরের তুলনায় এবার অধিক জমিতে বোরো চাষ হয়েছে। মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম থাকায় ব্যাপকহারে চাষাবাদ হয়েছে, নিচু জমিতে সেচ দিয়ে আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই কম হয়েছে। আগেভাগে ব্লাস্ট প্রতিরোধে স্প্রে করায় এখন পর্যন্ত তেমন আক্রমণের তথ্য পাওয়া যায়নি।
উপজেলার বিভিন্ন এলাকায় দিগন্তজুড়ে সবুজ ফসল, কোথাও ধানে সোনালী রঙ আসতে শুরু করেছে। শতকরা ৮০% মানুষ কৃষির ওপর নির্ভরশীল। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ১৯,৫০০ হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও বেশি দামে কৃষকরা প্রায় ৫০০ হেক্টর বেশি জমিতে চাষ করেছে। জলাবদ্ধতা না থাকায় সব এলাকায় আবাদ ভালো হয়েছে।
ধানচাষী শওকাত হোসেন জানান, আবহাওয়া ভালো থাকায় ব্রি—ধান—২৮—এর ফলন ভালো। ব্লাস্ট প্রতিরোধে স্প্রে করা হয়েছে, ঈদের পর ধান কাটা যাবে। কৃষক আসাদুল ইসলাম জানান, সব পরিচর্যা করায় ফলন ভালো হচ্ছে, আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে।
কৃষি কর্মকর্তা পিযুষ কান্তি পাল বলেন, কৃষক লাভবান হতে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে, দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, ব্রি—ধান ২৮ ছাড়াও বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে। সঠিক পরিচর্যা করায় রোগবালাই কম এবং ব্লাস্ট দমনে আগাম পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আশা করেন, এবার বাম্পার ফলন হবে।

















