সাতক্ষীরা

পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ সুপারের

  নিজস্ব প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ২:১৬:৫৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী বিগত মাসের সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যা উপস্থাপন করেন।

সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম সকল স্তরের পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যার সমাধান প্রদান করেন। বাকি বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তির আশ্বাসও দেন তিনি।

তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় সেবা বিধিমালা মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। মেসে উন্নতমানের খাবার নিশ্চিত করা, সুশৃঙ্খল ড্রেসকোড বজায় রাখা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা নিশ্চিত করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং জনসাধারণের প্রতি ভদ্র আচরণ—এসব বিষয় প্রত্যেকের দায়িত্বের অংশ।”

সভায় অবসর গ্রহণকারী কনস্টেবল কাজী মাসুদুর রহমান, কনস্টেবল তুষার কান্তি ঘোষ ও কনস্টেবল প্রণব কুমার দে-কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়। এছাড়া নির্ধারিত ক্যাটাগরিতে সেবা ও কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর ও মো. শফিকুল ইসলাম, জেলা পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. আবু হোসেন, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা।

আরও খবর