ডেস্ক রিপোর্ট ২ আগস্ট ২০২৫ , ৩:৩৮:৩২ অনলাইন সংস্করণ
‘প্রবাসীর অধিকার-আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই স্লোগানকে সামনে রেখে রেমিট্যান্স যোদ্ধা ২০২৫ উদযাপন উপলক্ষে শনিবার (২ আগস্ট) সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোস্তফা জামান স্বাগত বক্তব্য দেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেনসহ জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ।
এবার সাতক্ষীরা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৪ জন প্রবাসী কর্মীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন মালেশিয়া প্রবাসী রত্মা খাতুন, যিনি প্রেরণ করেছেন ১ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৪৮ টাকা, মালেশিয়া প্রবাসী লাবনি মো. কামরুজ্জামান, প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ১ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ৯৭৭ টাকা, মালেশিয়া প্রবাসী হুমায়ুন কবির, যার রেমিট্যান্স ১৬ লাখ ৫১ হাজার ৫৪৯ টাকা, এবং নরওয়ে প্রবাসী সুমাইয়া সিদ্দিক, যিনি প্রেরণ করেছেন ১১ লাখ ৬৬ হাজার ৬৮ টাকা।
এছাড়াও, সাতক্ষীরা জেলা থেকে সর্বাধিক কর্মী প্রেরণকারী এজেন্সি ‘আল নূর ইন্টারন্যাশনাল’ (আরএল-০৬৮৯) এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর সিদ্দিককেও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবাসী শ্রমিকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারী উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করা হয়।

















