মুহাম্মদ হাফিজ ২৩ আগস্ট ২০২৫ , ১২:১৭:০১ অনলাইন সংস্করণ
সবুজের আহ্বানে সাড়া দিয়ে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২০২৫। জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গত ২০ আগস্ট মেলার উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে মেলাটি, যা চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। মাঝেমধ্যে বর্ষণের কারণে কিছুটা ব্যাঘাত ঘটলেও গাছপ্রেমী ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ।
শনিবার (২৩ আগস্ট) সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার বিভিন্ন নার্সারির উদ্যোক্তারা ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা নিয়ে স্টল সাজিয়েছেন। আম, লিচু, কাঁঠালসহ দেশি ফলগাছের পাশাপাশি রয়েছে দুষ্প্রাপ্য ও সৌন্দর্যবর্ধক নানা প্রজাতির চারা, যা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।
সাতক্ষীরা নার্সারির স্বত্বাধিকারী মোঃ রুহুল কুদ্দুস জানান, “শুরুর দিকে ভিড় ভালো থাকলেও বৃষ্টির কারণে দর্শনার্থীর সংখ্যা কিছুটা কমে গেছে। এতে বিক্রিতেও প্রভাব পড়েছে। তবে শেষের দিকে মেলা জমজমাট হবে বলে আশা রাখছি।”
একই প্রত্যাশা ব্যক্ত করেন জাহাঙ্গীর নার্সারির মালিক মোঃ আঃ রশিদ খা। তিনি বলেন, “সাধারণত মেলার শেষের দিকেই বেচাকেনা বেশি হয়। তাই এখনও আমরা আশাবাদী।”
এদিকে ফ্রেন্ডশিপ সংস্থার প্রতিনিধি মোঃ আসাদুল হাসান বলেন, “উপকূলীয় অঞ্চলে নদীর চরে ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে বেড়িবাঁধ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মানুষের জীবন-জীবিকার উন্নয়ন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে সচেতনতা ছড়াতে ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে বৃক্ষমেলায় অংশ নিয়েছি আমরা।”
মেলার অন্যতম আয়োজক ও তত্ত্বাবধায়ক সাতক্ষীরা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুক বিল্লাহ বলেন, “সুলভ মূল্যে ফলজ, বনজ ও ফুলের চারা বিক্রি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজে গাছ সংগ্রহ করতে পারেন। গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, আর্থিক সচ্ছলতাও বয়ে আনে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বৃষ্টির সামান্য প্রতিবন্ধকতা থাকলেও আয়োজক ও বিক্রেতারা আশাবাদী—মেলার শেষ দিকে ক্রেতার ভিড় বাড়বে এবং বিক্রি আরও জমে উঠবে।

















