সাতক্ষীরা

সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

  ডেস্ক রিপোর্ট ৩ নভেম্বর ২০২৫ , ৩:৩৯:০১ অনলাইন সংস্করণ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” — এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের “তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব)” উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মো. সাইফুল ইসলাম, যিনি খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক ফিফা রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহিনী তাবাসসুম, জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান (বাপ্পি), জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, দাবা কোচ মিকাইল ইসলাম ও টেবিল টেনিস জেলা ও বিভাগীয় কোচ আতিকুজ্জামান খান চৌধুরী সুমন প্রমুখ।

প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার সাতটি দল অংশ নেয়। একক ইভেন্টে চ্যাম্পিয়ন হন মো. তাকিবুর রহমান সুলতান (আশাশুনি উপজেলা) এবং রানার্সআপ আরশ আতিফ খান চৌধুরী সূর্য (সদর উপজেলা)। দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হন আরশ আতিফ খান চৌধুরী সূর্য ও মাহিন খান চৌধুরী (সদর উপজেলা), আর রানার্সআপ হন তাকিবুর রহমান সুলতান ও শাফিউল হোসেন খান (আশাশুনি উপজেলা)।

বক্তারা বলেন, “টেবিল টেনিস শুধু একটি খেলা নয়—এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম উপায়। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের মেধা, মনন ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে।”

দিনব্যাপী এ আয়োজন শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়, যা সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আরও খবর