সাতক্ষীরা

ছাত্রশিবিরের মানবিক মিশন: সাতানী ভাদড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  ডেস্ক রিপোর্ট ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:০৩:৩৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভাদড়া ওয়ার্ড শাখার উদ্যোগে একটি ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয়দের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে দিনব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আযাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার প্রকাশনা সম্পাদক হাফেজ আনিছুর রহমান, সদর পশ্চিম থানা শাখার সভাপতি আল মুজাহিদ, এইচআরডি সম্পাদক ফুয়াদ হোসেন, বায়তুলমাল সম্পাদক আবির মাহমুদ এবং সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা জোর দিয়ে বলেন, রক্তের গ্রুপ জানা জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ক্যাম্পেইন তরুণ সমাজকে মানবতার সেবায় উদ্বুদ্ধ করে এবং সামাজিক দায়বদ্ধতার বোধ জাগ্রত করে। ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা জরুরি চিকিৎসা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী এবং দায়িত্বশীল ব্যক্তিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন, এ ধরনের কার্যক্রম শুধু স্বাস্থ্য সচেতনতাই বাড়ায় না, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও সহায়তা করে।

সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ছাত্রশিবিরের মানবিক কার্যক্রমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ সমাজের প্রতি তরুণ প্রজন্মের দায়িত্ববোধ এবং সেবার মনোভাবকে আরও শক্তিশালী করবে।

আরও খবর