ডেস্ক রিপোর্ট ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৩১:০৬ অনলাইন সংস্করণ
আনন্দ- উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের পলাশপোলে গুড়পুকুরপাড়ের প্রাচীন বটতলার মনসাতলায় মন্দির কমিটির উদ্যোগে শুরু হয় পূজার নানা আনুষ্ঠানিকতা। পূজামন্ডপে ভক্তদের ভিড়, চারপাশে ঢাক-ঢোল আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
পূজাকে কেন্দ্র করে পলাশপোল মোড়ে বসে ছোটখাটো হাট। দূর-দূরান্ত থেকে আসা দোকানিরা পসরা সাজিয়ে মিষ্টি-মিঠাই, খেলনা ও নানান সামগ্রী বিক্রি করেন। এক সময় যা হয়ে উঠত সাতক্ষীরার অন্যতম প্রাণবন্ত মিলনমেলা।
তবে দুঃখজনক হলেও সত্য, এ বছর পৌরসভার উদ্যোগ না থাকায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আর অনুষ্ঠিত হয়নি। প্রায় ৪০০ বছরের ইতিহাস বহন করা এই মেলা আজ বিলুপ্তির পথে বলে মনে করছেন স্থানীয়রা।
সচেতন মহল ও নাগরিক সমাজের দাবি, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সম্প্রীতি ও মিলনমেলার প্রতীক এ ঐতিহ্য কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। প্রতি বছর ছোট পরিসর হলেও যেন এ মেলার আয়োজন অব্যাহত থাকে এমন আহ্বান জানিয়েছেন তারা।

















