আশাশুনি

আশাশুনিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন ডাঃ শহিদুল আলম

  ডেস্ক রিপোর্ট ২৩ নভেম্বর ২০২৫ , ৪:৪৯:০৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জনদরদী নেতা ও গরীবের ডাক্তার খ্যাত প্রফেসর ডাঃ শহিদুল আলমের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেট এলাকায় এ পথসভা ঘিরে জনসমাগমে পুরো বাজার মুখরিত হয়ে ওঠে।

বিকালের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বুধহাটা বাজারে এসে জড়ো হতে শুরু করেন। আসর নামাজের পর করিম সুপার মার্কেটের সামনে শুরু হয় পথসভা। সভাপতিত্ব ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে আয়োজনে বর্ণিল দৃশ্য তৈরি হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাঃ শহিদুল আলম বলেন, “তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই জাতিকে নতুন পথ দেখাবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় প্রয়োজন।”

এসময় তিনি উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃস্থাপনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসানসহ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, দেশের সংকটময় সময়ে বিএনপির এই ৩১ দফা জনগণের প্রত্যাশা পূরণের পথনকশা হিসেবে কাজ করবে।

সভা শেষে বুধহাটা বাজারের বিভিন্ন সড়কে নেতাকর্মীরা পথচারী, ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেন। লিফলেট বিতরণের মধ্য দিয়ে ধানের শীষে ভোট চেয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করা হয়।

পথসভা কেন্দ্র করে বাজারজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি।

আরও খবর