ডেস্ক রিপোর্ট ২৪ নভেম্বর ২০২৫ , ৪:৫৪:৪১ অনলাইন সংস্করণ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের এই প্রাণের স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “খেলায় জয়-পরাজয় থাকবেই। কিন্তু খেলাধুলা তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেয়, সুস্থ-সবল জাতি গঠনে সবচেয়ে বড় শক্তি খেলাধুলা। মাদক ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে মাঠই হতে পারে সবচেয়ে কার্যকর জায়গা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মুকিত হাসান খান, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, মুহা. জিল্লুর রহমান, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, ডিআই ওয়ান মো. মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিলসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনেরা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা সিটি কলেজ ও ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ। উচ্ছ্বাস, করতালি ও দর্শকদের উত্তেজনায় স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।

















