ডেস্ক রিপোর্ট ২৪ জানুয়ারি ২০২৬ , ৫:৩৬:১০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ১১ পিস টিপডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জানুয়ারি) সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পরোয়ানাভুক্ত আসামি মোঃ আজমুল হোসেন (৩৮), মোঃ জাহাঙ্গীর হোসেন মোড়ল (৩৭), মোঃ শফিকুল ইসলাম মোড়ল এবং মোঃ আমির হোসেন (২৯) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আজমুল হোসেন বাসদই গ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর হোসেন মোড়ল ও শফিকুল ইসলাম মোড়ল কাশেমপুর গ্রামের এবং আমির হোসেন কামালনগর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
এ সময় তাদের হেফাজত থেকে ১১ পিস অবৈধ টিপডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত চার আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাসুদুর রহমান।

















