ডেস্ক রিপোর্ট ৬ সেপ্টেম্বর ২০২৫ , ২:১৫:৩৮ অনলাইন সংস্করণ
খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওহেদ-উজ-জামান বুলুর মৃত্যু রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন হয়। প্রেসক্লাব সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, আরটিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি মোমিনুর রহমান, সাংবাদিক আমিনুর রহমান, রিজাউল ইসলাম বাবলু, নাজমুল আলম মুন্না ও এস.এম. বিপ্লব হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন।
বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে সাংবাদিকরা নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। গণঅভ্যুত্থানের পর সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ ভেবেছিল পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন হয়নি; বরং একের পর এক সিনিয়র সাংবাদিকের লাশ উদ্ধার হচ্ছে। এসবকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, আত্মহত্যার গল্প সাজিয়ে সাংবাদিক হত্যার রহস্য আড়াল করা যাবে না।
তারা খুলনার ওহেদ-উজ-জামান বুলুসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর নিরপেক্ষ ও অধিকতর তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

















