ডেস্ক রিপোর্ট ২৩ এপ্রিল ২০২৬ , ৫:১২:৪১ অনলাইন সংস্করণ
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস, সাতক্ষীরার বাস্তবায়নে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক রওশানারা জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, উন্নত বিশ্বে শিশুরা সকালে পুষ্টিকর খাবার গ্রহণে সচেতন থাকে। আমাদের দেশেও শিশুদের সুস্থভাবে গড়ে তুলতে পরিবার, স্কুল ও মাদরাসার শিক্ষকদের সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি শিশুকে নিয়মিত ডিমসহ পুষ্টিকর খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি দেশকে এগিয়ে নিতে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও পুষ্টিসম্পন্ন হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

















