ডেস্ক রিপোর্ট ১১ জুন ২০২৬ , ৪:০৪:০০ অনলাইন সংস্করণ
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার কুশখালীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা। তীব্র গরম উপেক্ষা করে এ প্রতিযোগিতা উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে হাজারো মানুষের ঢল নামে মাঠে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালী হাড়িয়াঘাটা মাঠ প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুরের পর থেকেই দর্শকদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো মাঠ এলাকা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রামীণ জনপদে আনন্দের আবহ সৃষ্টি করে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিয়ার রহমান টালীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব মো. তাসকিন আহমেদ চিশতী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এমন সুস্থ বিনোদনমূলক আয়োজনের বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান আলম বাপ্পি এবং সাবেক ছাত্রনেতা ও কুশখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম মোস্তফা বাবু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মোহাম্মদ জিয়াউল রহমান জিয়া। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শরিফুল ইসলাম সরদার ও বাবুর আলী ঢালী।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিক ও সওয়ারীদের মাঝে নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৮ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ৩ হাজার ৫০০ টাকা, পঞ্চম পুরস্কার ২ হাজার টাকা এবং ষষ্ঠ স্থান অর্জনকারীদেরও নগদ অর্থ প্রদান করা হয়।
আয়োজনটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে মাঠ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সোহাগ, আখতারুজ্জামান, বাবু, সমিরউদ্দীন, রনি, রিফাত, নয়ন, হুমায়ুন, ছয়লদ্দীন ও মো. জামাল গাজী। বিশেষ সৌজন্যে ছিলেন আনিছুর রহমান, রাকিব সাকিব কনস্ট্রাকশন, মো. আলাউদ্দিন হোসেন, রেজওয়ানুল কবির খোকন এবং মেসার্স কুশখালী ট্রান্সপোর্ট।
খেলা শেষে প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ তুমুল করতালির মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

















