Uncategorized

কালিগঞ্জে জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  ডেস্ক রিপোর্ট ১৮ জুন ২০২৬ , ২:১৫:৪৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জে বৈধভাবে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা, প্রাণনাশের হুমকি এবং অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রেজাউল করিম ঢালী।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রেজাউল করিম ঢালী জানান, কালিগঞ্জ উপজেলার চাঁচাই মৌজায় অবস্থিত ৩৩ শতক জমি তিনি প্রায় দুই দশক আগে বৈধভাবে ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন। কিন্তু সম্প্রতি স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম ঢালী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহাজান ঢালীর ভাই ও আওয়ামী লীগ কর্মী শাহাজালালসহ কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী বাহিনী নিয়ে তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় এবং সেখানে তারের বেড়া স্থাপন করে।

তিনি বলেন, ঘটনাটি তাদের সামনেই ঘটলেও সম্ভাব্য সংঘাত এড়াতে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিবাদ করা হয়নি। পরবর্তীতে গত ১৬ জুন তিনি, তার পাঁচ ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা শান্তিপূর্ণ পরিবেশে ওই তারের বেড়া সরিয়ে নিজেদের জমির দখল পুনরুদ্ধার করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, একই এলাকার প্রয়াত ইউনিয়ন কৃষক লীগ সভাপতি রাশেদ ঢালীর ছেলে শাহাজালাল, জগবন্ধু দাস, সন্ধ্যা রানী দাসী এবং কাজী সোহেলের প্ররোচনায় কয়েকজন ব্যক্তি পেশিশক্তির প্রভাব খাটিয়ে তার মালিকানাধীন জমি দখলের ষড়যন্ত্র করছেন। বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও তারা তা আমলে না নিয়ে উল্টো তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

রেজাউল করিমের দাবি, গত ১৬ জুন বিকেলে অভিযুক্তরা ভাড়াটিয়া লোকজন নিয়ে তার জমির আশপাশে ঘোরাফেরা করে প্রকাশ্যে দখলের হুমকি দেয়। এমনকি জমি রক্ষায় বাধা দিলে তাকে হত্যা করে জমিতে পুঁতে ফেলা এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, যেকোনো সময় তার ভোগদখলীয় সম্পত্তি জবরদখলের ঘটনা ঘটতে পারে। এতে উভয় পক্ষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁচাই গ্রামের নীলা রানী, তাপস দাস, জয়ন্তী মণ্ডল, পারুলগাছা গ্রামের জাহাঙ্গীর আলম, সনাতন ধর্ম প্রতিনিধি আনন্দ দাস, ইউনুস আলী, ইদ্রিস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী রেজাউল করিম ঢালী ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, জমিটি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাঁচাই মৌজার জেএল নং-১৭৭-এর অন্তর্গত। জমিটির সাবেক এসএ দাগ নম্বর ৫৭৬, ৫৭৭ ও ৫৭৯ এবং মোট পরিমাণ ৩৩ শতক।

আরও খবর