আবু রায়হান ১২ জুলাই ২০২৬ , ৫:০৪:৩৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী পাটকেলঘাটা ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সারজেল ফ্রেন্ডশিপ কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের আকর্ষণীয় ম্যাচ। রোববার (১২ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে সাইদুজ্জামান বাবলুর করা একমাত্র গোলে নগরঘাটা ও ধানদিয়া পশ্চিম ফুটবল একাদশ ১-০ ব্যবধানে কুমিরা ও খলিশখালী পূর্ব ফুটবল একাদশকে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়।
খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঝমাঠের দখল নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। উভয় দলই একাধিক আক্রমণ চালালেও দুই গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে দীর্ঘ সময় গোলশূন্য থাকে ম্যাচ। ফলে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা।
ম্যাচের গুরুত্বপূর্ণ এক মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে ধানদিয়া পশ্চিম ফুটবল একাদশের সাইদুজ্জামান বাবলু দৃষ্টিনন্দন এক গোল করেন। তাঁর করা সেই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে নগরঘাটা ও ধানদিয়া পশ্চিম ফুটবল একাদশ। গোলের পর খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কুমিরা ও খলিশখালী পূর্ব একাদশ সমতায় ফেরার চেষ্টা চালালেও শক্তিশালী রক্ষণভাগের কারণে তারা সফল হতে পারেনি।
খেলা উপলক্ষে পাটকেলঘাটা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী মাঠে ভিড় জমান। পরিবার-পরিজন নিয়ে অনেকেই খেলা উপভোগ করেন। পুরো ম্যাচজুড়ে দর্শকদের করতালি, উল্লাস এবং খেলোয়াড়দের প্রতি উৎসাহ টুর্নামেন্টের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জোনের হেলথ কেয়ার ফার্মার জোনাল ম্যানেজার এ কে এম হাসানুজ্জামান। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল গফ্ফার।
বিশেষ অতিথি ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সাতক্ষীরা জোনের এরিয়া ম্যানেজার মো. আহসান উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. এস এম হাদিউজ্জামান। খেলা পরিচালনা করেন ডা. মো. আব্দুল কুদ্দুস এবং রেফারির দায়িত্ব পালন করেন এস এম আলাউদ্দিন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, প্রতিভাবান ফুটবলারদের বিকাশ এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিই এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সারজেল ফ্রেন্ডশিপ কাপ-২০২৬ টুর্নামেন্টটি পাটকেলঘাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। একমাত্র এই ম্যাচ ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

















