সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যক্রম গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন

  আসাদুজ্জামান ৩ আগস্ট ২০২৫ , ২:০৮:৫০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যক্রম গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা, সঞ্চয় তহবিলের অর্থ গ্রহণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলার লাইব্রেরি কক্ষে এই সংবাদ সম্মেলন করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক গঠনতন্ত্র উপেক্ষা করে একচেটিয়াভাবে কার্যক্রম পরিচালনা করছেন। সঞ্চয় তহবিলের অর্থ গ্রহণে নানা অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করা হচ্ছে, ফলে সাধারণ সদস্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরের সাধারণ সভার মাধ্যমে বেলবন্ড, ওকালতনামা ও হাজিরা সংক্রান্ত সকল প্রক্রিয়ায় সহযোগিতা করা সত্ত্বেও সঞ্চয় তহবিলের অর্থ ফেরত দিতে গড়িমসি করা হচ্ছে। নিয়মিত আয় থাকা সত্ত্বেও অর্থ ফেরত না দেওয়াকে তিনি অমানবিক বলে উল্লেখ করেন এবং দ্রুত অর্থ ফেরতের দাবি জানান।

তিনি আরও বলেন, গঠনতন্ত্রের তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, যুগ্ম সম্পাদককে ক্রয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার কথা থাকলেও তাকে বাদ দিয়ে এককভাবে সমস্ত ক্রয় ও ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা পরিষ্কারভাবে গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল।

অ্যাডভোকেট নুরুল আমিন অভিযোগ করেন, সভাপতির একক কর্তৃত্বে তার কার্যক্ষমতা খর্ব করা হচ্ছে এবং এটি সাধারণ আইনজীবীদের স্বার্থের পরিপন্থী। তিনি গঠনতন্ত্র মোতাবেক স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন: পিপি অ্যাড. আব্দুস সাত্তার, নারী ও শিশু পিপি অ্যাড. আলমগীর আশরাফ, জিপি অসীম কুমার মণ্ডল, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. আসাদুজ্জামান বাবু, অ্যাড. সুনীল কুমার ঘোষ, অ্যাড. আকবর আলী, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি, অ্যাড. ফিরোজ হাসিব, অ্যাড. অলিউল্লাহ, অ্যাড. আলতাফ হোসেন, অ্যাড. গোবিন্দ, অ্যাড. রেজাউল, অ্যাড. বাবলু, অ্যাড. জাহাঙ্গীর ও অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।

আরও খবর