কালিগঞ্জ প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৫ , ১২:৫০:২১ অনলাইন সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা বিক্ষোভ চলছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ধারাবাহিক কর্মসূচির ১৭তম দিনে মনোনয়নবঞ্চিত প্রার্থী ডাঃ শহিদুল আলমের অনুসারীরা বিক্ষোভ সমাবেশ ও জনসভা করেন।
বিএনপি গত ২ নভেম্বর ২৩৭টি আসনের প্রাথমিক মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করে। এরপর থেকে সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন তাঁর অনুসারীরা। অন্যদিকে মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনও পাল্টাপাল্টি কর্মসূচির মাধ্যমে মাঠে প্রচারণা চালাচ্ছেন। এতে কালিগঞ্জ–আশাশুনি বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র বিভক্তি সৃষ্টি হয়েছে। লাগাতার কর্মসূচির কারণে সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়ছেন।

মঙ্গলবার সকালে কাজী আলাউদ্দিন ঢাকায় গিয়ে ডাঃ শহিদুল আলমের বাসায় দেখা করতে গিয়েছিলেন। কিন্তু সাক্ষাৎ না পেয়ে ফিরে আসেন। এ বিষয়ে তিনি বলেন, “মনোনয়ন না পাওয়া ডাঃ শহিদুল আলমের সঙ্গে মিলেমিশে ধানের শীষের জন্য কাজ করতে তাঁর বাসায় গিয়েছিলাম। কিন্তু দেখা না হওয়ায় ফিরে আসতে হয়েছে।”
অন্যদিকে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সকালে ডাঃ শহিদুল আলমের বাসায় গেলে তাঁর স্ত্রী অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। তখন বেডরুমে ঢুকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদে সমাবেশ থেকে কাজী আলাউদ্দিনকে ‘কালিগঞ্জ–আশাশুনি এলাকায় অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।
জনসভা ও সমাবেশে হাজারো নারী-পুরুষ, নেতাকর্মী ও অনুসারীরা অংশ নেন। বক্তারা বলেন, দলমত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে ডাঃ শহিদুল আলমই এই আসনের যোগ্য প্রার্থী। তিনি গরীবের ডাক্তার হিসেবে পরিচিত এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামে সর্বদা কর্মীদের পাশে থাকায় তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না। প্রয়োজন হলে গণপদত্যাগের হুঁশিয়ারিও দেওয়া হবে।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের কাছে জনপ্রিয়তা যাচাই করে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ নুরুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ও নলতা ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল সেলিম, উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ হোসেনসহ কালিগঞ্জ–আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
জনসভা শেষে নেতৃবৃন্দ আবারও ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি চালানোর ঘোষণা দেন।

















