ডেস্ক রিপোর্ট ৫ আগস্ট ২০২৫ , ২:৫৫:০৯ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার প্রাণকেন্দ্র ইটাগাছায় অবস্থিত ‘আল কুরআন একাডেমি’তে আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। একাডেমির অর্ধবার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম ফারুকী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক নাসির মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান জনাব আবুল কাশেম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলমগীর, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল হুজাইফা, সহকারী প্রধান শিক্ষক তহমিনা ম্যাম, অন্যান্য শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতায় আল কুরআন একাডেমিকে সাতক্ষীরার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সম্ভব।”
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

















