দেবহাটা প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২৬:৩৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন খালে অবৈধ নেট-পাটা বসিয়ে জলাবদ্ধতার প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিরুদ্ধে অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার নির্দেশে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কার সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
অভিযানকালে সুবর্ণবাদ ও টিকেট খালের প্রায় ৩০টি স্থানে বসানো অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়। এ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কার সিদ্দিকী বলেন, “অবৈধ নেট-পাটা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে উন্মুক্ত জলাশয়ে সব ধরনের মাছ নির্বিচারে ধরা পড়ায় প্রজনন ব্যাহত হচ্ছে, যা মৎস্য সম্পদের জন্য বড় হুমকি।”
তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে নেট-পাটা বসিয়ে জলাবদ্ধতা সৃষ্টি ও মৎস্য সম্পদ ধ্বংসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

















