ডেস্ক রিপোর্ট ১৯ এপ্রিল ২০২৬ , ২:০৩:৫০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় তামান্না খাতুন (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামান্না খাতুন ওই এলাকার মোঃ আব্দুল হাইয়ের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে তামান্না ভালুকা চাঁদপুর বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

















