নিজস্ব প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ৩:৫১:২০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কলারোয়ায় গ্রাহকদের প্রায় দুই কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার অভিযোগে আল আমিন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের স্বত্বাধিকারী ওমর ফারুক সবুজসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার এবং আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (৬ জুন) বেলা ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ভুক্তভোগী গ্রাহক অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বকর সিদ্দিক, জাহানারা খাতুন, আব্দুস সাত্তার ও সাবিনা খাতুনসহ অনেকে।
ভুক্তভোগীরা জানান, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে উপজেলার ১৩৬ জন গ্রাহকের কাছ থেকে প্রায় দুই কোটি ২৪ লাখ টাকা সংগ্রহ করে আল আমিন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। পরে গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও যোগাযোগ করেও তারা কোনো প্রতিকার পাননি।
ভুক্তভোগী জাহানারা খাতুন বলেন, “মেয়ের বিয়ের জন্য কষ্ট করে চার লাখ টাকা জমিয়েছিলাম। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কথায় বিশ্বাস করে সেই টাকা জমা রাখি। কিন্তু আজ পর্যন্ত একটি টাকাও ফেরত পাইনি।”
আরেক ভুক্তভোগী, হোটেলকর্মী বিধবা সাবিনা খাতুন বলেন, “হোটেলে কাজ করে জমানো ৬৩ হাজার টাকা ওই প্রতিষ্ঠানে রেখেছিলাম। এখন টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। অসুস্থ হলেও ওষুধ কিনতে পারি না। আমি আমার টাকা ফেরত চাই এবং দায়ীদের শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুক সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, গ্রাহকদের জমা দেওয়া অর্থ হেড অফিসে জমা হয়নি। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জমি ক্রয়ের কারণে কার্যক্রম বন্ধ রয়েছে।” তবে এ ঘটনার দায় তিনি স্থানীয় কর্মচারী আবু সাঈদ সবুজের ওপর চাপান।
মানববন্ধন থেকে ভুক্তভোগীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, আমানতের টাকা উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

















