কালিগঞ্জ প্রতিনিধি ৯ জুন ২০২৬ , ৪:২৬:০৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সাহেল মো. আশরাফুল আলম মঙ্গলবার (৯ জুন) কালিগঞ্জ থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং পুলিশ সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কালিগঞ্জ থানায় পৌঁছে প্রথমে পুরাতন থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। পরে তিনি অস্থায়ী থানা হিসেবে ব্যবহৃত উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, ব্যারাকসহ থানার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দাপ্তরিক কার্যক্রম, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনগণের প্রতি সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে পুলিশ সুপার কালিগঞ্জ থানা ত্যাগ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, জেলা পুলিশ সুপারের এ ধরনের নিয়মিত পরিদর্শন থানার কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















