সাতক্ষীরা

স্বাধীনতার চেতনা ধারণ করেই আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে : এড. আকবর আলী

  ডেস্ক রিপোর্ট ২৬ মার্চ ২০২৬ , ১২:৪৯:৩০ অনলাইন সংস্করণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং বিল্ডিংয়ের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. মোঃ আকবর আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এড. মোঃ নুরুল আমিন।

সভাপতির বক্তব্যে এড. আকবর আলী বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতার মূল চেতনা হচ্ছে ন্যায়বিচার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি বলেন, দেশের আইনজীবীদের উচিত স্বাধীনতার আদর্শকে ধারণ করে মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু পিপি শেখ আলমগীর আরশাফ।
এসময় উপস্থিত ছিলেন এড. শাহরিয়ার হাসীব, এড. জিএম ফিরোজ আহমেদ, এড. আলতাফ হোসেন, এড. সুনীল কুমার, এড. নজরুল ইসলাম, এড. জামাল উদ্দিন, এড. সোহরাব হোসেন বাবলু, এড. বায়েজিদ, এড. সাইফুল ইসলাম, এড. সাইফুল্লাহ, এড. মোঃ এবাদুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর