শ্যামনগর ব্যুরো ১৮ জুন ২০২৬ , ২:১৯:১৩ অনলাইন সংস্করণ
প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গণমাধ্যমের কার্যকর ভূমিকা জোরদারের আহ্বান জানানো হয়েছে শ্যামনগরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে শ্যামনগর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এ সভার আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন। কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগিতায় “স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিজ” প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনির। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক। তিনি দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। তারা প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে নারী, শিশু ও যুব প্রতিবন্ধীদের দুর্যোগকালীন চাহিদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন ও অধিকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম সঠিক তথ্য প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদানে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী মানুষের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও বাস্তবতা গণমাধ্যমে আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যমের কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় শ্যামনগরের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















