দেবহাটা

দেবহাটাকে পরিচ্ছন্ন করতে মাঠে নেমেছে বিডি ক্লিন

  দেবহাটা প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ১:৪০:০০ অনলাইন সংস্করণ

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” — এই স্লোগানকে ধারণ করে অপরিচ্ছন্ন দেবহাটাকে পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে স্কুল-কলেজ পড়ুয়া একদল তরুণ শিক্ষার্থী। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠনের সদস্যরা।
দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলন পরিচালনাকারী সংগঠন বিডি ক্লিন-এর দেবহাটা টিমের সদস্যরা শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের বিভিন্ন পয়েন্টে ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন।

বিডি ক্লিন দেবহাটা টিমের প্রধান সমন্বয়ক ইমন আহসান বলেন, “আমাদের সংগঠনের ব্যানারে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চলছে। তারই অংশ হিসেবে আমরা দেবহাটা উপজেলায় বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছি। সমাজের সর্বস্তরের মানুষ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আরও ব্যাপকভাবে কাজ করতে পারব।”
তিনি আরও বলেন, “যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ যাদের এগিয়ে আসা উচিত, তারা অনেক সময় উদ্যোগ নেয় না। তাই আমরা নিজেরাই শুরু করেছি— আশা করি আমাদের দেখে সমাজের সব শ্রেণির মানুষ সচেতন হবে।”

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ইমন আহসান (সমন্বয়ক, বিডি ক্লিন দেবহাটা উপজেলা টিম), আরমান হোসেন (মনিটর, বিডি ক্লিন দেবহাটা উপজেলা টিম) সহ শাহরিয়ার মাহমুদ, আকাশ, ইমন, রেজওয়ান, সৌম্য ও শাহিন প্রমুখ।
তরুণদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগে এলাকাজুড়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও প্রশংসা। স্থানীয়রা জানিয়েছেন, বিডি ক্লিন-এর এ উদ্যোগ দেবহাটাকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর