আশাশুনি

ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভ সমাবেশ

  আসাদুজ্জামান ৬ নভেম্বর ২০২৫ , ৪:৩৫:২২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবিতে এবং কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আশাশুনি ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। মুহূর্তেই এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান দেন— “কাজী নয়, শহিদুল চাই”, “গরিবের ডাক্তারকে মনোনয়ন দাও”, “হটাও কাজী, বাঁচাও ধানের শীষ”।
এ সময় আশাশুনি সদর থেকে চাপড়া ব্রিজ পর্যন্ত সড়কজুড়ে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “ডা. শহিদুল আলম কোনো ব্যক্তি নির্ভর রাজনীতির প্রতীক নন, তিনি গরিব-দুঃখী মানুষের আশার প্রতীক। দীর্ঘদিন ধরে নিজের অর্থে অসহায় মানুষের চিকিৎসা দিয়ে মানবিক উদাহরণ সৃষ্টি করেছেন। এমন একজন জনপ্রিয় প্রার্থীকে বঞ্চিত করে দল জনগণ থেকে বিচ্ছিন্ন হতে পারে না।”
তারা আরও বলেন, “ভুল মনোনয়ন দিলে সাতক্ষীরা-৩ আসনটি হারাবে বিএনপি। কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে।”
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কেন্দ্র সিদ্ধান্ত পরিবর্তন না করলে রাস্তাই হবে আমাদের শেষ ঠিকানা।”
এদিকে, একই সময়ে কালীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকাতেও ডা. শহিদুল আলমের সমর্থনে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও খবর