শ্যামনগর

জনসাধারণের খাবার পানির পুকুর উদ্ধার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২৮ জুন ২০২৬ , ৩:২৬:৫৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট হাটখোলা গ্রামে জনসাধারণের একমাত্র খাবার পানির পুকুর দখলের অভিযোগ তুলে তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৮ জুন) সকালে ধুমঘাট হাটখোলা এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল হোসেন, জগদীশ মণ্ডল, আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করে বলেন, ধুমঘাট হাটখোলা গ্রামের মৃত শমসের গাইনের ছেলে মো. আব্দুল গফুর গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর এলাকার একমাত্র খাবার পানির পুকুরটি জোরপূর্বক দখল করেন। এই পুকুরের পানির ওপর প্রায় ৪ থেকে ৫ শত পরিবার নির্ভরশীল।

তাদের দাবি, পুকুরটি দখলের পর থেকে সাধারণ মানুষকে পুকুরের পাড় ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এমনকি গরু-ছাগল পুকুরপাড়ে ঘাস খেতে গেলে বাধা দেওয়া হচ্ছে এবং পাড়ের ঘাসে বিষ প্রয়োগ করে তা নষ্ট করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের ভাষ্য, গত শুক্রবার ক্ষুব্ধ এলাকাবাসী পুকুরের চারপাশে দেওয়া ঘের অপসারণ করেন।

বক্তারা আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি দাবি করছেন তিনি সরকারের কাছ থেকে ডিসিআর (DCR) নিয়েছেন। তবে এ বিষয়ে কোনো কাগজপত্র এলাকাবাসীকে দেখানো হয়নি।

মানববন্ধন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি অফিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্ত করে পুকুরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত মো. আব্দুল গফুরের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

আরও খবর