শ্যামনগর

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে ও ৪টি নৌকা পরিবারের নিকট হস্তান্তর

  এম কামরুজ্জামান ৮ জুন ২০২৬ , ৪:৫০:৫৮ অনলাইন সংস্করণ

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ে ভারতে আটক ৯১ জন বাংলাদেশি জেলে এবং ৪টি ফিশিং বোট পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৮ জুন) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২০২৫ সালের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি—এই চার দফায় ভারতীয় কোস্ট গার্ড ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন জেলেকে আটক করে।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের কোস্ট গার্ডের সমন্বয়ের মাধ্যমে তাদের প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ জুন ২০২৬ (রবিবার) আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে তাদের গ্রহণ করা হয়।

পরবর্তীতে ৮ জুন ২০২৬ (সোমবার) সকাল ১২টায় মোংলা কোস্ট গার্ড বেইসে জেলেদের তাদের নৌকাসহ পরিবারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানায়, দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম আরও সহজ ও দ্রুত হয়েছে। ভবিষ্যতেও সমুদ্রে বাংলাদেশি জেলেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কোস্ট গার্ড কাজ করে যাবে।

আরও খবর