আসাদুজ্জামান ৭ আগস্ট ২০২৫ , ২:৪৮:৪৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টায় উপজেলার বুধহাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায়।
অভিযানে মেসার্স ইনসাফ মেডিসিন কর্ণারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আশরাফুল আলমকে ড্রাগ আইন ১৯৪০ এর ‘খ’ ও ‘গ’ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে, জনসেবা ফার্মেসীতে অনুরূপ অপরাধে স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ টিম অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন ড্রাগ পরিদর্শক বাসারাত হোসেন এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, “ওষুধ মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত বিষয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা গুরুতর অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থানীয় ফার্মেসিগুলোকে সঠিকভাবে লাইসেন্স, সংরক্ষণ ও বিক্রয় ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

















